ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা মিলনমেলা,২৮ মে সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৫-২৫ ১৬:৫৪:৩৮
image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঈদের দিন সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। একইসঙ্গে রাষ্ট্রপতি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জানাবেন।
বঙ্গভবনের এই আয়োজনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিক, বিচারপতি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিরা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা, উপদেষ্টারা, বিদেশি কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, শিল্পী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বঙ্গভবন সূত্র জানিয়েছে, অতিথিদের জন্য ঐতিহ্যবাহী খাবারের বিশেষ আয়োজন রাখা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের সময় কাটাবেন।

কী-ওয়ার্ড: বঙ্গভবন সংবর্ধনা,ঈদ শুভেচ্ছা,রাষ্ট্রপতি সাহাবুদ্দিন