ঈদ-উল-আজহা উপলক্ষে রহনপুর রেলবন্দরে শুরু হয়েছে টানা ১০ দিনের বন্ধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-২৪ ২২:২৪:২৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আজহা-২০২৬ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দরে (ইন্টারচেঞ্জ পয়েন্ট) টানা ১০ দিনের বন্ধ শুরু হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, গত  বৃহস্পতিবার(২১মে) থেকে এই বন্দর পথে ভারত থেকে আমদানি পন্যবাহী ট্রেন প্রবেশ বন্ধ রয়েছে। আগামী  শনিবার (৩০মে) পর্যন্ত বন্ধ শেষে আগামী  রবিবার(৩১মে) এই পথে ট্রেনে ভারত থেকে পণ্য আমদানি যথারীতি পূণরায় শুরু হবে। রহনপুর রেলবন্দর ষ্টেশন মাষ্টার মামুনুর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ রেলওয়ের ডেপুটি ডিরেক্টর (ইন্টারচেঞ্জ) আবুল খায়ের স্বাক্ষরিত এক পত্রের বরাতে ষ্টেশন মাষ্টার বলেন, বাংলাদেশে ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৬মে) থেকে ব্যাংক ও কাষ্টমস অফিস ছুটি থাকবে। এ কারণে ২১ মে থেকেই কোন আমদানি পণ্যবাহী ট্রেন গ্রহণ করা সম্ভব হবে না। ফলে পত্রে ওই সময়ে কোন ট্রেন না পাঠাতে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। তবে বন্ধের সময় আমদানি পন্য নিয়ে আসা খালি ট্রেন ভারতে ফেরত যেতে পারবে। দুদেশের সংশ্লিষ্ট সকল পক্ষকে  এসব বিষয় ইতিমধ্যে অবহিত করা হয়েছে।
ষ্টেশন মাষ্টার আরও বলেন, সর্বশেষ গত বুধবার(২০মে) ভারত থেকে প্রায় আড়াই হাজার টন ডিওসি (ড্রাই ওয়েল কেক বা খইল যা গবাদিপশু,পোল্ট্রি ও মাছের খাবার হিসিবে ব্যবহৃত) নিয়ে ৪২টি ওয়াগনের একটি ট্রেন ভারতের মধ্যপ্রদেশের  একটি ষ্টেশন থেকে পশ্চিমবঙ্গের মালদা জেলার সিঙ্গাবাদ রেলবন্দর (ষ্টেশন) হয়ে রহনপুর রেলবন্দরে  প্রবেশ করে। ট্রেনটি এরই মধ্যেবাংলাদেশের সিরাজগঞ্জ বাজার  ষ্টেশন গন্তব্যে পৌঁছে গেছে।