গ্রিনকার্ডে নতুন কড়াকড়ি,নিজ দেশে ফিরেই আবেদন করতে হবে

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-২৩ ২২:৫৮:৫১
image

যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশিদের জন্য গ্রিনকার্ড আবেদনের নিয়মে বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিনকার্ড পেতে হলে আবেদনকারীদের নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা ইউএসসিআইএস।
সংস্থাটি জানিয়েছে, বৈধ অভিবাসনব্যবস্থাকে আরও কঠোর ও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবস্থান করে আর ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ পদ্ধতিতে সহজে গ্রিনকার্ড আবেদন করা যাবে না। আবেদনকারীদের নিজ দেশে গিয়ে কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
এতদিন শিক্ষার্থী, পর্যটক, কর্মভিসাসহ বিভিন্ন অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা বিদেশিদের বড় একটি অংশ দেশ না ছেড়েই গ্রিনকার্ডের আবেদন করতেন। এই পদ্ধতিটি দীর্ঘদিন ধরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই সুযোগ কার্যত সীমিত হয়ে গেল।
ইউএসসিআইএস নতুন এই নীতির নাম দিয়েছে ‘অসাধারণ প্রতিকার ব্যবস্থা’। সংস্থাটির দাবি, অভিবাসন আইন ও আদালতের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি আবেদন পৃথকভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেয় তার প্রশাসন। গত দেড় বছরে দেশজুড়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নথিহীন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে আরও কয়েক লাখ অভিবাসীকে বিশেষ বন্দিশালায় রাখা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এর পাশাপাশি প্রায় ৭০টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ এবং নতুন ভিসা প্রদানের হারও উল্লেখযোগ্যভাবে কমিয়েছে ওয়াশিংটন।
অভিবাসন বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীর সংখ্যা কমানো এবং অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করতেই ট্রাম্প প্রশাসন এই নতুন নীতি চালু করেছে।

কী-ওয়ার্ডস:গ্রিনকার্ড,ট্রাম্প,অভিবাসন