বন্ধ কারখানায় প্রাণ ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৫-২৩ ২২:৫০:৫২
image

দেশের বন্ধ ও ধুঁকতে থাকা শিল্পকারখানাগুলো পুনরায় সচল করতে ৬০ হাজার কোটি টাকার বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ এবং অর্থনীতির গতি ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে গভর্নর ড. মোস্তাফিজুর রহমান এই প্রণোদনা প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, মোট ৬০ হাজার কোটি টাকার এই তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন হিসেবে ব্যবহার করা হবে, যা বন্ধ ও আংশিক সচল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় চালু করতে সহায়তা করবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে আরও ১৯ হাজার কোটি টাকা সরাসরি অর্থায়ন করবে।
গভর্নর বলেন, বড় শিল্পপ্রতিষ্ঠানের জন্য ঋণের সুদের হার ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে ক্ষুদ্র ঋণগ্রহীতাদের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি হতে পারে। এই তহবিল থেকে বড় শিল্পের পাশাপাশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিখাতেও অর্থায়ন দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে নতুন উৎপাদন সক্ষমতা তৈরি, কৃষি উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বাড়বে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, কোভিড-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতায় ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এই প্রণোদনার আওতায় আনা হবে। বিশেষভাবে অগ্রাধিকার পাবে সেসব প্রতিষ্ঠান, যাদের বাজারে চাহিদা ও নিশ্চিত ক্রয়াদেশ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে বাণিজ্য সংগঠন ও ব্যাংকগুলোর সহায়তায় এক হাজার ২০০টির বেশি বন্ধ ও আংশিক সচল শিল্প ইউনিট চিহ্নিত করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এই প্রণোদনা প্যাকেজ দেশের শিল্পখাত পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তহবিল ব্যবহারে স্বচ্ছতা ও কার্যকর নজরদারির ওপরও জোর দিয়েছেন তারা।

কী-ওয়ার্ডস:প্রণোদনা,শিল্পকারখানা,বাংলাদেশ ব্যাংক