রামিসা হত্যা মামলায় বিশেষ প্রসিকিউটর নিয়োগ,দ্রুত বিচারের বার্তা সরকারের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-২৩ ২২:৪১:৫২
image

রাজধানীর পল্লবীতে আলোচিত রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। আইনজীবী আজিজুর রহমান দুলুকে এ মামলায় রাষ্ট্রপক্ষ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯২ ধারার আওতায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলা নম্বর-৩৫, তারিখ ১২ মে ২০২৬-এর রাষ্ট্রপক্ষ পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২)/৩০ ধারা এবং দণ্ডবিধির ২০১ ধারায় দায়ের করা হয়েছে।
সরকার জানিয়েছে, রামিসা হত্যা মামলার বিচার দ্রুত, সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্নের লক্ষ্যেই এই বিশেষ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের পর প্রতিক্রিয়ায় বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। একই সঙ্গে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে।
এ ঘটনায় প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

কী-ওয়ার্ডস:রামিসা হত্যা,দ্রুত বিচারম,বিশেষ প্রসিকিউটর