রামিসা হত্যায় এক মাসের মধ্যে বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-২৩ ২২:৩৪:৪৯
image

শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, রাজধানীর মিরপুরে আলোচিত রামিসা হত্যা মামলার আসামির সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করা হবে। তিনি বলেন, ভবিষ্যতে যেন আর কেউ শিশু বা নারীর ওপর এমন বর্বর নির্যাতনের সাহস না পায়, সেজন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে দেশের মানবিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রামিসার নির্মম হত্যাকাণ্ড সেই অবক্ষয়ের চূড়ান্ত উদাহরণ হিসেবে সামনে এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনোভাবেই শিশু নির্যাতন বা নারী নির্যাতন মেনে নেবে না। রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে সরকার দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবে।
তিনি আরও বলেন, নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। একই সঙ্গে দেশের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ পুনরুজ্জীবিত করাও জরুরি। এ ক্ষেত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য নতুন প্রজন্মকে পথ দেখাতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে রামিসা হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নিজে মিরপুরে রামিসার বাসায় যান। সেখানে তিনি নিহত শিশুটির বাবা ও বড় বোনের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
ত্রিশালের দরিরামপুরে নজরুল একাডেমি মাঠে আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় অনুষ্ঠানটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ডস:রামিসা,বিচার,তারেক রহমান