মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা!

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০৫-২৩ ২০:৪৪:২০
image

মহেশখালী কক্সবাজার 
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রি এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ মে ২০২৬) বিকাল ৪টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। 
অভিযানে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, কক্সবাজারের জেলা কর্মকর্তা কাজী মোহাম্মদ ফরহাদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নতুন বাজার এলাকার বিভিন্ন ফার্মেসিতে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে পরিচালিত অভিযানে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, অনুমোদনবিহীন ওষুধ বিক্রি এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক সরবরাহের প্রমাণ পাওয়া যায়। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অবৈধ ঔষধ বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় প্রশাসন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার বলেন, “মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই জনস্বার্থে মহেশখালী উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।”
ঔষধ প্রশাসন অধিদপ্তরের জেলা কর্মকর্তা কাজী মোহাম্মদ ফরহাদ বলেন, “ফার্মেসিগুলোকে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রি সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি বাড়ানো হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ঔষধ পাবে এবং অবৈধ ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।