ননীগোপাল বর্মন, ঠাকুরগাঁও ঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মরিচগাঁও এলাকার বাসিন্দা আব্দুল হালিমের কন্যা (তারা নুন নামের) পাঁচ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, গত ২০ মে হামজনিত উপসর্গ নিয়ে শিশুটিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
চিকিৎসাধীন অবস্থায় গত ২২ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শিশুটি মারা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, হামজনিত জটিলতা থেকে নিউমোনিয়া দেখা দেওয়ায় শিশুটির মৃত্যু হয়েছ ।
এর আগে, গত ১৬ মে হামজনিত উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও সদর উপজেলার মনি আক্তার নামে ৯ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশুদের নিয়মিত টিকা গ্রহণ এবং হাম সংক্রান্ত উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত ঠাকুরগাঁওয়ে হামের উপসর্গ নিয়ে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। ১৯৫ জনের শরীরে উপসর্গ শনাক্ত করা হয়েছে এবং ১১০ জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৮৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং ১২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। রিপোর্টে ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর বাকিদের রিপোর্ট এখনো আসেনি।