শিরোপা জয়ের আগেই টুখেলের বাজি,বাদ পড়লেন পালমার-ফোডেন

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৫-২২ ২০:৩৯:১৫
image

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ডের ঘোষিত দলে বড় চমক দিলেন কোচ থমাস টুখেল। ইউরোপের বড় বড় ক্লাবে খেলা একাধিক তারকা ফুটবলারকে বাইরে রেখে নতুন সমীকরণে দল সাজিয়েছেন জার্মান এই কোচ। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হিসেবে দলে জায়গা হয়নি কোল পালমার, ফিল ফোডেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের মতো পরিচিত মুখদের।
বিশ্বকাপের আগে দল ঘোষণার পর থেকেই ইংল্যান্ডজুড়ে আলোচনা শুরু হয়েছে টুখেলের পরিকল্পনা নিয়ে। ইউরো ২০২৪-এ দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা পালমার ও ফোডেনকে বাদ দেওয়াকে অনেকেই সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। ক্লাব ফুটবলে প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিকতা দেখাতে না পারায় শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হারিয়েছেন এই দুই তারকা।
অন্যদিকে সবচেয়ে বড় চমক হয়ে ফিরেছেন সৌদি আরবের ক্লাব আল-আহলিতে খেলা স্ট্রাইকার ইভান টনি। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন নিয়মিত না খেললেও তাকে দলে ফিরিয়ে এনে টুখেল বুঝিয়ে দিয়েছেন, অভিজ্ঞতা ও নির্ভরযোগ্যতার দিকেই বেশি ঝুঁকছেন তিনি। ইউরোতে বদলি হিসেবে নেমে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করা টনিকে এবার বড় মঞ্চে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের বাদ পড়াও সমর্থকদের বিস্মিত করেছে। আক্রমণভাগে সৃজনশীলতার জন্য পরিচিত এই ফুটবলারকে ছাড়াই রক্ষণভাগ সাজিয়েছেন টুখেল। কোচের মতে, সাম্প্রতিক ক্যাম্পগুলোতে যারা ধারাবাহিকভাবে দলের সংস্কৃতি ও শৃঙ্খলার সঙ্গে মানিয়ে নিয়েছেন, তাদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
দল ঘোষণার পর টুখেল বলেন, খেলোয়াড়দের বাদ দেওয়ার বিষয়টি তার জন্য আবেগঘন ছিল। প্রত্যেক ফুটবলারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন বলেও জানান তিনি। তার ভাষায়, কঠিন সিদ্ধান্ত শেষ পর্যন্ত দলকে আরও স্পষ্ট লক্ষ্য ও প্রতিযোগিতামূলক মানসিকতা দেয়।
ইংল্যান্ডের লক্ষ্য এবার দীর্ঘ ৬০ বছরের আন্তর্জাতিক শিরোপা খরা কাটানো। সেই লক্ষ্যেই নতুন কৌশলে দল গঠন করেছেন সাবেক বায়ার্ন মিউনিখ ও পিএসজি কোচ। অভিজ্ঞতা, শৃঙ্খলা ও সাম্প্রতিক পারফরম্যান্সকে প্রাধান্য দিয়ে তিনি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করেছেন।
আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপর ২৩ জুন ঘানার মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ জুন পানামার বিপক্ষে মাঠে নামবে থ্রি লায়ন্সরা।

কী-ওয়ার্ডস:টুখেল,ইংল্যান্ড,বিশ্বকাপ