ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন,ইরান ইস্যুতে উত্তপ্ত ফোনালাপ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-২২ ১৪:৫৫:০৮
image

ইরানকে ঘিরে সামরিক কৌশল ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে কি না-এই প্রশ্নে দুই নেতার অবস্থান স্পষ্টভাবে ভিন্ন হয়ে পড়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী ফোনালাপ হয়। আলোচনায় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলেও দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহান্তে ট্রাম্প নেতানিয়াহুকে ‘অপারেশন স্লেজহ্যামার’ নামে ইরানবিরোধী একটি সামরিক পরিকল্পনার কথা জানান। তবে পরে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে তিনি সেই পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেন।
এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে নেতানিয়াহু ট্রাম্পকে আগের পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ইসরায়েলি এক কর্মকর্তার ভাষ্য, ট্রাম্প কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছেন, কিন্তু নেতানিয়াহু আরও কঠোর ও সামরিক পদক্ষেপ প্রত্যাশা করছেন।
ইসরায়েলের রাজনৈতিক মহলে ট্রাম্পের অবস্থান নিয়ে হতাশা তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের ধারণা, সামরিক চাপ কমিয়ে দেওয়ার ফলে ইরান আরও কৌশলগত সুবিধা পেয়ে যাচ্ছে।
অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, তিনি এখনো ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা করছেন। সাংবাদিকদের তিনি বলেন, “হয় আমরা একটি সমঝোতায় পৌঁছাব, নয়তো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে। তবে আমি চাই সেটি এড়ানো যাক।”
এদিকে পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি আঞ্চলিক মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কূটনৈতিক আলোচনা শুরু করার জন্য মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, ইরান সময়ক্ষেপণের কৌশল নিচ্ছে এবং এ অবস্থায় দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিশ্লেষকদের মতে, ইরানের পরমাণু কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর এই মতপার্থক্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ওপর নতুন চাপ তৈরি করতে পারে।

কী-ওয়ার্ডস: ট্রাম্প-নেতানিয়াহু,ইরান সংকট,মধ্যপ্রাচ্য উত্তেজনা