কুয়েটের সাবেক অধ্যাপক ড. আব্দুস সেলিম আর নেই,ভাইস-চ্যান্সেলরের শোক প্রকাশ,বিশেষ দোয়া মাহফিল

  • শাহেদুজ্জামান শেখ
  • ২০২৬-০৫-২২ ১৪:৩০:৩৩
image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. মোঃ আব্দুস সেলিম-এর মৃত্যুতে কুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে| তিনি বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বার্ধক্যজনিত কারণে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় একই দিন বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়| বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| এসময় সবাই মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান| কুয়েটের ভাইস-চ্যান্সেলর এক শোকবার্তায় বলেন, “অধ্যাপক ড. মোঃ আব্দুস সেলিম ছিলেন একজন দক্ষ শিক্ষক, সৎ, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ| শিক্ষা ও গবেষণায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান কুয়েট পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে|” তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান| ড. মোঃ আব্দুস সেলিম দীর্ঘদিন সুনামের সঙ্গে কুয়েটে শিক্ষকতা করেছেন| তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন| তাঁর কর্মময় জীবন, প্রজ্ঞা ও অবদান কুয়েট পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে| তাঁর মৃত্যুতে কুয়েট পরিবার গভীরভাবে শোকাহত|