রাউল কাস্ত্রোকে ঘিরে নতুন উত্তাপ কিউবার পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-২১ ২৩:২৭:২৬
image

কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হত্যা মামলা দায়েরের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে কিউবার পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ‘বিচারিক অস্ত্র’ ব্যবহার বন্ধে ওয়াশিংটনের প্রতি কঠোর আহ্বান জানিয়েছে বেইজিং।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, চাপ প্রয়োগ ও বিচারিক ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করা।
তিনি বলেন, চীন কিউবার জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে।
৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রোর বিরুদ্ধে বুধবার যুক্তরাষ্ট্রে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। অভিযোগের সূত্রপাত ১৯৯৬ সালের সেই আলোচিত ঘটনায়, যখন কাস্ত্রোবিরোধী পাইলটদের পরিচালিত দুটি বেসামরিক বিমান ভূপাতিত করা হয়েছিল। ওই ঘটনায় চারজন নিহত হন।
মামলায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আমেরিকান নাগরিকদের হত্যার ষড়যন্ত্র এবং বিমান ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘অত্যন্ত বড় মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, ট্রাম্প প্রশাসন কিউবার কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যেতে পারে কি না।
রাউল কাস্ত্রো হলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ছোট ভাই। ১৯৫৯ সালের বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো ক্ষমতায় আসার পর দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক বৈরিতার মধ্যেই ছিল। পরে ফিদেলের উত্তরসূরি হিসেবে রাউল কাস্ত্রোও দেশটির নেতৃত্ব দেন।
এদিকে মার্কিন তেল অবরোধ ও অর্থনৈতিক চাপের কারণে কয়েক মাস ধরেই কিউবার অর্থনীতি গভীর সংকটের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে চীনের প্রকাশ্য সমর্থন কিউবার জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

কী-ওয়ার্ডস: রাউল কাস্ত্রো,চীন-কিউবা,যুক্তরাষ্ট্র মামলা