মিরপুরের রামিসা হত্যা মামলায় ২৪ ঘণ্টায় গ্রেফতার দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-২১ ২০:৩০:৩২
image

রাজধানীর মিরপুরে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল ও তার সহযোগী স্ত্রীকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মূল আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং অল্প সময়ের মধ্যেই মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত প্রতিটি জঘন্য অপরাধে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দুই ধরনের কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযানগুলো প্রতিরোধমূলক বা প্রো-অ্যাকটিভ পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। অন্যদিকে ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় দ্রুত গ্রেফতার ও তদন্তের মাধ্যমে রি-অ্যাকটিভ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলাও নতুন করে তদন্তের আওতায় আনা হয়েছে। এর মধ্যে কুমিল্লার তনু হত্যা মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার কার্যক্রম চলছে। আরও একজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার সংঘবদ্ধ ধর্ষণ, বগুড়ার তরুণী ধর্ষণ, কাপাসিয়ার পাঁচ খুন ও রাজধানীর মান্ডায় প্রবাসী হত্যার ঘটনায় জড়িতদেরও দ্রুত গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ চিরুনি অভিযান ও ব্লক রেইড পরিচালনার তথ্যও তুলে ধরেন তিনি। মে মাসের শুরু থেকে মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর এলাকায় অভিযান চলছে। এছাড়া যাত্রাবাড়ী ও তেজগাঁও এলাকায় সাম্প্রতিক অভিযানে শতাধিক ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
আইন সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের প্রয়োজন অনুযায়ী আইনকে যুগোপযোগী করা হবে। তবে আবেগতাড়িত হয়ে তড়িঘড়ি করে নতুন আইন বা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা সমীচীন নয়। তিনি মনে করেন, বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সক্ষমতা বাড়ানোই বেশি কার্যকর হবে।
ভারতের সিএএ ও সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে।

কী-ওয়ার্ডস: রামিসা হত্যা,স্বরাষ্ট্রমন্ত্রী,আইনশৃঙ্খলা