ছাত্রলীগ নেতার হামলায় যুবলীগ নেতাসহ ৩ জন আহত
- ইমাম হোসেন খাঁন
-
২০২৩-০৯-১৪ ১৫:৩৯:৪৬
:কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে পূর্বের শক্রতার জের ধরে ছাত্রলীগ নেতার হামলায় যুবলীগ সভাপতি এনামুল হক হকসাবসহ তিনজন আহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডে রুহিদ চাঁদের বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত যুবলীগ নেতা ও ইউপি সদস্য এনামুল হক হকসাব জানান।
আহতরা হলেন, চরপার্বতী ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক হকসাব (৪৮), তার স্ত্রী মনোয়ারা আক্তার (৩৬), কলেজ পড়ুয়া মেয়ে ফারিয়া হক (১৭)। আহতদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবলীগ সভাপতি ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক হকসাব অভিযোগ করে বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে আমাদের একই বাড়ীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফদের সাথে বিরোধ চলে আসছিল। এনিয়ে বেশ কয়েকবার শালিশ বৈঠকও হয়েছে। কিন্তু ছাত্রলীগ নেতা আরিফ শালিশের সিদ্ধান্ত না মেনে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে আসছিল। আমি এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরীও করেছিলাম। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে বাড়ীতে প্রবেশ করার সময় আরিফ, তার ভাই হারুন, বাদশাসহ ৮-১০জন আমার ওপর অতর্কিতে হামলা চালায়। আমার শোরচিৎকার শুনে আমাকে বাঁচাতে আমার স্ত্রী ও মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।
যুবলীগ নেতা এনামুল হক হকসাব মেম্বার এবং ছাত্রলীগ নেতা আরিফুর রহমান পরস্পরে চাচা-ভাতিজা এবং একই বাড়ীর লোক। ইতোপূর্বেও একে অপরের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক বার জিডি ও অভিযোগ দায়ের করেছিল। তাদের দু’পক্ষের দু’টি জিডি প্রসিকিউশনের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
ছাত্রলীগ নেতা আরিফুর রহমান আরিফ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার কোন ঘটনা ঘটেনি।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী বলেন, যুবলীগ নেতা ও ইউপি সদস্য এনামুল হক হকসাবের ওপর হামলার বিষয়টি জেনেছি। তবে এবিষয়ে এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।