দেশব্যাপী হামের বিস্তার ঠেকাতে পবিত্র ঈদুল আযহার পর দ্বিতীয় ধাপের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার বিকেলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রমের এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের সংক্রমণ বাড়তে শুরু করার পর সরকার দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করেছে। ইতোমধ্যে অনেক শিশুকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং যারা দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছে, তাদের জন্য ঈদুল আযহার পর নতুন কর্মসূচি শুরু হবে।
তিনি চিকিৎসকদের প্রতি রোগীদের পর্যাপ্ত সময় দিয়ে সেবা নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে টিকাদান কার্যক্রম থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করতে মাইকিংসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান। প্রয়োজনে শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড আরও বাড়ানো হবে এবং বাড়ি বাড়ি গিয়েও টিকা প্রয়োগ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, টিকা নিয়ে কিছু মহল গুজব ছড়ানোর চেষ্টা করছে। তবে টিকার কোনো সংকট নেই। বর্তমানে কিছু সিরিঞ্জের ঘাটতি থাকলেও নতুন সরঞ্জাম আনা হচ্ছে এবং সারা দেশে সরবরাহ বাড়ানো হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসও উপস্থিত ছিলেন।
কী-শব্দ: হামের টিকা, দ্বিতীয় ধাপ, স্বাস্থ্য অভিযান