জননিরাপত্তায় আনসার বাহিনীকে আরও পেশাদার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-১৯ ২২:৩৬:০৭
image

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ প্রত্যাশার কথা জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং যানজট নিরসনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি যুব ও নারীদের বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় নিয়োজিত যেকোনো বাহিনীর সফলতা নির্ভর করে তাদের পেশাদারিত্ব ও শৃঙ্খলাবোধের ওপর।
বাণীতে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া আনসার বাহিনীর ৬৭০ জন সদস্যসহ দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী সকল সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পরিকল্পনায় আনসার বাহিনীর পুনর্গঠন শুরু হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আনসার-ভিডিপি আইন, ১৯৯৫ প্রণয়নের মাধ্যমে বাহিনীটি শক্ত সাংগঠনিক ভিত্তি লাভ করে। সেই ধারাবাহিকতায় আজ আনসার-ভিডিপি গ্রামবাংলার অতন্দ্র প্রহরীতে পরিণত হয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে আনসার সদস্যরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন। এজন্য তিনি বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, আধুনিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ার পথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশ্বস্ত সহযাত্রী হিসেবে কাজ করবে।
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’-এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাহিনীর সদস্যরা ভবিষ্যতেও জননিরাপত্তায় গৌরবোজ্জ্বল ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

কী-ওয়ার্ড: আনসার, রাষ্ট্রপতি, নিরাপত্তা