রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে এবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার নিয়ন্ত্রিত ভাসমান বোমা যুক্ত করল ইউক্রেন। নতুন এ অস্ত্র ব্যবস্থাকে যুদ্ধক্ষেত্রে বড় কৌশলগত পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকেরা।
ইউক্রেনীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ সূত্র জানায়, ‘ভিরিভনিউভাচ’ নামের এই অত্যাধুনিক বোমাটি সম্পূর্ণভাবে ইউক্রেনীয় প্রকৌশলীদের উদ্ভাবন। মাত্র ১৭ মাসের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের মধ্যেই এটি তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা উদ্ভাবন জোট ‘ব্রেভ১’।
নতুন এ অস্ত্রের মূল লক্ষ্য হচ্ছে রুশ বাহিনীর পেছনের সারিতে থাকা সুরক্ষিত ঘাঁটি, রসদ সরবরাহ কেন্দ্র এবং সেনা সমাবেশে নির্ভুল আঘাত হানা। এতে প্রায় ২৫০ কেজি বিস্ফোরক বহনের সক্ষমতা রয়েছে এবং কয়েক ডজন কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও হামলা চালানো সম্ভব।
ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, এই বোমার মাধ্যমে যুদ্ধবিমানগুলোকে আর রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে ঢুকতে হবে না। দূর থেকেই হামলা চালিয়ে দ্রুত নিরাপদ এলাকায় ফিরে আসা যাবে। দিন-রাত কিংবা প্রতিকূল আবহাওয়াতেও এটি ব্যবহার করা সম্ভব।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি বিদেশি কোনো নকশার অনুকরণ নয়। ইউক্রেনের ডিজিটাল রূপান্তর ও প্রতিরক্ষা খাতসংশ্লিষ্ট মন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, অস্ত্রটি সম্পূর্ণ স্থানীয় প্রযুক্তিতে নির্মিত এবং দেশের যুদ্ধক্ষেত্রের বাস্তব চাহিদা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, অস্ত্রটির উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়ায় দীর্ঘমেয়াদে ব্যাপক উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে। ইউক্রেন দাবি করেছে, পশ্চিমা সমমানের প্রযুক্তির তুলনায় এ বোমা তৈরিতে প্রায় তিন ভাগের এক ভাগ খরচ হয়।
এটি ইউক্রেনের বর্তমান যুদ্ধবিমান বহরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করা হয়েছে। এর মধ্যে পশ্চিমা প্রযুক্তির যুদ্ধবিমানও রয়েছে। যদিও সব ধরনের বিমানে পূর্ণাঙ্গ ব্যবহারের আগে কিছু প্রযুক্তিগত অনুমোদন ও সমন্বয় কাজ এখনো বাকি রয়েছে।
সামরিক পর্যবেক্ষকদের ধারণা, এই অস্ত্র যুক্ত হওয়ায় ইউক্রেন এখন আরও গভীরে আঘাত হানতে সক্ষম হবে। ড্রোন হামলার পাশাপাশি ভারী বিস্ফোরক ব্যবহার করে রাশিয়ার সামরিক অবকাঠামো ধ্বংসের নতুন পথ খুলে গেল।
দীর্ঘদিন ধরে রাশিয়া দূরপাল্লার ভাসমান বোমা ব্যবহার করে ইউক্রেনীয় অবস্থানে হামলা চালিয়ে আসছে। এবার একই ধরনের সক্ষমতা অর্জনের মাধ্যমে কিয়েভ নিজেদের আকাশযুদ্ধ কৌশলে নতুন ভারসাম্য আনতে চাইছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি অভিযোগ করেছেন, রাশিয়া আবারও বেসামরিক অবকাঠামোতে হামলা বাড়িয়েছে। এর জবাবে পাল্টা শক্ত প্রতিক্রিয়ার অংশ হিসেবেই নতুন এ অস্ত্র ব্যবস্থাকে দেখা হচ্ছে।
কী-ওয়ার্ড: ইউক্রেন,রাশিয়া,অস্ত্র