চাঁপাইনবাবগঞ্জে ৭ ইটভাটা ও একটি সীসা কারখানাকে ২৬ লক্ষ টাকা অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-১৯ ২১:০৩:২৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  সদর উপজেলায় অবৈধ  ৭টি ইটভাটা  ও  একটি সীসা কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬ লক্ষ টাকা অর্থদন্ড  আরোপ করে আদায় করা হয়েছে। এর মধ্যে একটি ভাটার  কিলন (চুল্লী)  এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে ও পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়। এছাড়া  সীসা কারখানাটি  বিদ্যূতের সংযোগ  কেটে দিয়ে বন্ধ করে দেয়া  হয়।
ভ্রাম্যমাণ আদালত  সূত্র জানায়,মঙ্গলবার(১৯মে) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মরাপাগলা এলাকায় ৭টি ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় ইটপোড়ানো লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ৬টি ভাটাকে ২৪ লক্ষ ও একটি ভাটাকে ১ লক্ষ টাকা সহ মোট ২৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে আদালত। ভাটাগুলির মধ্যে টাইগার ব্রিকস এর কিলন ভেঙ্গে ৪ লক্ষ টাকা,নিউ ষ্টার-২ কে এক লক্ষ, রোজ ব্রিকসকে ৪ লক্ষ,ডন ব্রিকসকে ৪ লক্ষ,আলো ব্রিকসকে ৪ লক্ষ,সেভেন স্টার ব্রিকসকে ৪ লক্ষ ও ফাইন ব্রিকসকে ৪ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।  এছাড়া ফুলতলা কোচলাপাড়া  এলাকার মেসার্স আলতা পাøাষ্টিক এন্ড মেটাল নামক সীসা কারখানাকে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকা  জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  আবু সাঈদ বলেন, ভাটাগুলোর বিরুদ্ধে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন( সংশোধন ২০১৩) এর বিভিন্ন ধারায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট ঊইং এর এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট রেজওয়ান-উল-ইসলাম। অভিযানকালে জেলা প্রশাসন, র‌্যাব,পুলিশ,ফায়ার সার্ভিস ও  বিদ্যূৎ বিভাগের প্রতনিধিরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানান সহকারী পরিচালক  আবু সাঈদ।