ভ্যানচালকের ছেলে আসগরের মেধা অন্বেষণ বৃত্তি লাভ: গিলাতলা অব্যাট প্রাইমারি স্কুলের গৌরব

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৫-১৮ ২২:০৮:২৫
image

ফুলবাড়ি গেট প্রতিনিধি:
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর মেধার জোরে দারিদ্র্যকে জয় করে অনন্য
দৃষ্টান্ত স্থাপন করেছে আসগর আলী নামের এক প্রান্তিক পরিবারের শিশু।
ফুলতলার গিলাতলায় অবস্থিত 'অব্যাট প্রাইমারি স্কুল'-এর পঞ্চম শ্রেণির এই
মেধাবী শিক্ষার্থী ুবেসরকারি বৃত্তি পরীক্ষা (মেধা অন্বেষণ) ২০২৫”-এ
কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করেছে।
আজ খুলনায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের
হাত থেকে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তির সনদ ও সম্মাননা স্মারক গ্রহণ করে
আসগর।
জানা যায়, আসগর আলীর এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। সে একটি অত্যন্ত
সাধারণ পরিবার থেকে উঠে এসেছে। তার বাবা আসলাম পেশায় একজন ভ্যানচালক,
যিনি দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে পরিবারের হাল ধরে রেখেছেন। চরম আর্থিক
সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও আসগরের ভদ্র আচরণ, দৃঢ় মনোবল
এবং ভবিষ্যতে একজন সুশিক্ষিত মানুষ হওয়ার স্বপ্ন তাকে পড়ালেখায় সবসময়
অনন্য করে রেখেছে। নিজের জীবনকে আলোকিত করার পাশাপাশি ভবিষ্যতে পরিবার ও
সমাজের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখে এই খুদে শিক্ষার্থী।
আসগরের এই গৌরবময় অর্জনে উচ্ছ্বসিত তার বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়
এলাকাবাসী। বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী জানান, "আসগরের এই অর্জন শুধু তার
ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি তার অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের এক
অনন্য উদাহরণ। সীমিত সামর্থ্যের মধ্য থেকেও যে সীমাহীন স্বপ্নের পথে
এগিয়ে যাওয়া যায়, আসগর তা প্রমাণ করেছে।" শিক্ষকরা আরও বলেন, উপযুক্ত
সুযোগ ও সঠিক পরিশ্রম একত্র হলে যেকোনো পরিবেশ থেকেই প্রতিভা বিকশিত হওয়া
সম্ভব।
অনুষ্ঠানে অতিথিরা আসগর আলীর হাতে বৃত্তির সনদ তুলে দেওয়ার সময় তার
উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এই ধারা বজায় রেখে সে যেন দেশের একজন
যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করেন। বিদ্যালয়ের
পক্ষ থেকে আসগর আলীকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং তার এই অনন্য
সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে শিক্ষকরা মনে করছেন।