বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু ‘টোল ফ্রি’ করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ভবন ঘেরাও,মহাসড়ক অবরোধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-১৮ ১৯:৫৪:০০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরপ্রান্তে জেলা সদরের সাথে জেলার শিবগঞ্জ উপজেলা হয়ে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়কে  মহানন্দা নদীর উপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন সেতু ( পুরাতন মহানন্দা সেতু)  ‘টোল ফ্রি’ করার দাবিতে ‘চাঁপাইনবাবগঞ্জ সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচী পালিত হয়েছে। সেই সাথে প্রায় আধাঘন্টা সড়ক ভবন সংলগ্ন সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় সেতুর উভয় পাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন  চলাচলকারীরা। সোমবার (১৮মে) সকালে শহরের রেহাইচরে সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’ নামে একটি সংগঠন এই কর্মসূচী পালন করে।
এ সময় বক্তব্য দেন আয়োজক সংগঠনের আহব্বায়ক তরিকুল আলম মোল্লা,আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ, শিক্ষার্থী সাব্বির আহমেদ, শাহ নেয়ামতুল্লাহ কলেজ অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন,চেম্বার পরিচালক রায়হানুল ইসলাম লুনা, জেলা ট্রাক,ট্যাংকলরী ও কভার্ড ভ্যান মালিক সমিতি সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
বক্তরা বলেন, প্রতিদিন হাজারো সাধারণ খেটে খাওয়া মানুষ,ক্ষুদ্র ব্যবসায়ী,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ৩৩ বছর পূর্বে ১৯৯৩ সালে চালু হওয়া  এই সেতু ব্যবহার করে। সেতুটি  নদীর উভয়তীরের বাসিন্দাদের জীবন জীবিকার সংযোগ। নির্মাণের এতদিন পর আধা কিলোমিটার দীর্ঘ এই সেতু ব্যবহারে  সকল যানবাহনে  যাওয়া ও আসা উভয় ক্ষেত্রে উচ্চহারে  টোল আদায় অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধি। অনেককে প্রতিদিন বারবার এই সেতু ব্যবহার করতে হয়। এটি দরিদ্র ও সাধারণ জনগোষ্ঠীর উপর অন্যয় বোঝা ও জুলুম।  
এ অবস্থায় অবিলম্বে টোল আদায় বন্ধ করার দাবি জানান বক্তারা। অন্যথায়  আগামী ৩০ মে’র পর আরও কঠোর কর্মসূচী পালনের হুঁশিয়ারি দেন। তাঁরা বলেন, একই দাবিতে বারবার শান্তিপূর্ণ কর্মসূচী পালন করা হলেও কর্তৃপক্ষ দাবির প্রতি সহানুভূতি দেখাচ্ছেন না।
আন্দোলনের ব্যাপারে জেলা প্রশাসক আবু ছালেহ মো.মুসা জঙ্গী বলেন, বিষয়টি সম্পর্কে সরকার অবগত। এ ব্যাপারে  সরকারের নজর রয়েছে। তবে উর্ধতণ কর্তৃপক্ষের নিকট থেকে সেতু টোলমুক্ত করার কোন নির্দেশণা আসে নি। স্থানীয় প্রশাসনের এ ব্যাপারে তেমন কিছু করার সূযোগ নেই।
সওজ,চাঁপাইনবাবগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী রায়হান ইমতিয়াজ বলেন, প্রায় ৬মাস পূর্বে জেলা প্রশাসকের নেতৃত্বে সেতু ব্যবহারকারী  বিভিন্ন পক্ষের সাথে সভা করে সেতুতে থ্রি হুইলার ও মোটরসাইকেল টোল ফ্রি করার একটি সুপারিশ  উর্ধতণ কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত আসেনি।