বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার সারাদেশে উদযাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য নিশ্চিত হয়েছে।
সে অনুযায়ী আগামী মঙ্গলবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।
এদিকে সৌদি আরবেও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হওয়ায় আগামী ২৬ মে পালিত হবে আরাফাত দিবস এবং ২৭ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশও একই তারিখে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বাংলাদেশে ঈদ একদিন পরে হওয়ায় দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এখন কোরবানি ও ঈদ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন। রাজধানীসহ বিভিন্ন এলাকায় পশুর হাট জমে উঠতে শুরু করেছে।
কী-ওয়ার্ড:জিলহজের চাঁদ,ঈদুল আজহা,চাঁদ দেখা