ঈদের ফেরার পথেই নিভে গেল দুই প্রবাসীর জীবন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-১৮ ১২:১০:০৩
image

সৌদি আরবের জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী। নিহতরা হলেন কুমিল্লার নূর-এ-আলম (৪২) ও ইউনুস মিয়া (৪৮)। স্বজনদের সঙ্গে বহু প্রতীক্ষিত ঈদ কাটানোর স্বপ্ন নিয়েই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই ফেরা আর হলো না।
স্থানীয় সময় শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, জেদ্দা থেকে ব্যবসার মালামাল নিয়ে রিয়াদের পথে ফিরছিলেন তারা। পথে আফিফ এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন নূর-এ-আলম, ইউনুস মিয়া এবং এক সৌদি নাগরিক। গুরুতর আহত হয়েছেন চালকসহ আরও দুজন।
নিহত নূর-এ-আলম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসুদাই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা করতেন তিনি। পরিবারের ছয় সদস্য পুরোপুরি তার আয়ের ওপর নির্ভরশীল ছিল। স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন স্ত্রী সুমী আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সংসারের একমাত্র ভরসাটাই চলে গেল। এখন সন্তানদের নিয়ে কীভাবে বাঁচবেন, সেটাই বুঝতে পারছেন না। স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তাও চেয়েছেন তিনি।
অন্যদিকে চৌদ্দগ্রামের বসুয়া গ্রামের ইউনুস মিয়া প্রায় ২৪ বছর ধরে প্রবাসজীবন কাটিয়েছেন। পরিবারকে সুখে রাখতে বছরের পর বছর কাটিয়েছেন দূর দেশে। এবার ঈদুল আজহায় দেশে ফেরার সব প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন। বিমানের টিকিট কাটা ছিল, পরিবারের জন্য কেনাকাটাও করেছিলেন। সবচেয়ে বড় অপেক্ষা ছিল চার মাস বয়সী ছোট ছেলেকে প্রথমবার কোলে নেওয়ার। কিন্তু সেই অপেক্ষা অপূর্ণই থেকে গেল।
ইউনুস মিয়ার ছোট ভাই ওমর ফারুক মারুফ বলেন, পরিবারের সবচেয়ে বড় ছায়া ছিলেন ইউনুস। তার উপার্জনেই চলত পুরো পরিবার। স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
সৌদি আরবে থাকা স্বজন ও পরিচিতরা জানিয়েছেন, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বহু মানুষ সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান জানিয়েছেন, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

কী-ওয়ার্ড:প্রবাসী মৃত্যু,ঈদের অপেক্ষা,সড়ক দুর্ঘটনা