সীমান্তে যুদ্ধপ্রস্তুতি জোরদার,দক্ষিণ কোরিয়াকে ঘিরে কিমের কঠোর বার্তা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-১৮ ১০:৫৬:৩৪
image

দক্ষিণ সীমান্তকে ‘অভেদ্য দুর্গে’ পরিণত করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে সামনের সারির সেনা ইউনিটগুলোকে আরও আধুনিক ও শক্তিশালী করার নির্দেশও দিয়েছেন তিনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে।
রোববার অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সামরিক বৈঠকে কিম জং উন শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রকাশিত ছবিতে তাকে পূর্ণ সামরিক পোশাকে বৈঠকে অংশ নিতে দেখা যায়।
বৈঠকে কিম বলেন, যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থায় ‘বড় ধরনের পরিবর্তন’ আনা হবে। তিনি সামরিক কর্মকর্তাদের ‘প্রধান শত্রু’ সম্পর্কে আরও কঠোর ও স্পষ্ট অবস্থান নেওয়ার নির্দেশ দেন। বিশ্লেষকদের মতে, এই বক্তব্যে মূলত দক্ষিণ কোরিয়াকেই লক্ষ্য করা হয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, সীমান্তবর্তী সামনের সারির ইউনিটগুলোকে সামরিক ও প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরেন কিম। তিনি এটিকে দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।
কিম জং উন বলেন, দক্ষিণ সীমান্তে এমন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে সেটি কার্যত ‘অভেদ্য দুর্গে’ রূপ নেয়। একই সঙ্গে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষার পাশাপাশি নতুন ধরনের যুদ্ধকৌশলকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতা এখন উত্তর কোরিয়ার সামরিক কৌশলে বড় প্রভাব ফেলছে। বিশেষ করে চালকবিহীন আকাশযান, নির্ভুল হামলা, সাইবার যুদ্ধ ও ইলেকট্রনিক প্রযুক্তিভিত্তিক যুদ্ধব্যবস্থা নিয়ে পিয়ংইয়ং নতুন পরিকল্পনা সাজাচ্ছে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে আগেই উত্তেজনা বাড়ছিল। এর মধ্যেই কিমের এই নির্দেশ কোরীয় উপদ্বীপে নতুন উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

কী-ওয়ার্ড: কিম জং উন, কোরিয়া উত্তেজনা, সীমান্ত প্রতিরক্ষা