কুয়েটে পুকুরে ডুবে আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীর মৃত্যু:ভিসির শোক প্রকাশ ও সহযোগিতার আশ্বাস

  • শাহেদুজ্জামান শেখ
  • ২০২৬-০৫-১৭ ২০:৫৯:৩৭
image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে ডুবে আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী এস. এম. সায়েম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০) মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৭ মে রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে সাঁতার কাটার সময় তিনি হঠাৎ পানিতে তলিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে| পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, পরিচালক (ছাত্র কল্যাণ), প্রভোস্ট, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হন। এসময় তারা নিহত শিক্ষার্থীর পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করে গভীর শোক ও সমবেদনা জানান| ভাইস-চ্যান্সেলর মরহুম শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন| পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন| এ মর্মান্তিক ঘটনায় পুরো কুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে| বিশ্ববিদ্যালয় প্রশাসন নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সমন্বয় অব্যাহত রেখেছে। উল্লেখ্য, নিহত শিক্ষার্থী পাবনা জেলার দিলালপুর পিকে শাহা রোড এলাকার বাসিন্দা মোঃ আব্দুস সামাদের পুত্র।