মো শা হে দ চৌ ধু রী

  • শেষ মানে সমাপ্তি নয়,নতুন করে শুরু
  • ২০২৬-০৫-১৭ ১১:৩৬:১৫
image

সব শেষ হয়ে গেছে -- কথাটা মানুষ সহজেই বলে ফেলে।
যেন একটি দরজা বন্ধ হলেই সব পথ হারিয়ে যায়
যেন একটি সম্পর্ক ভেঙে গেলে কোনোমতেই জোড়া লাগে না
যেন ব্যর্থতা মানেই জীবনের শেষ অধ্যায়।

কিন্তু প্রকৃতি কখনও তা শেখায় না।
সূর্য ডুবে যায় প্রতিদিন, তবুও কেউ তাকে মৃত্যু বলে না।
কারণ মানুষ জানে আঁধার চিরেই আবার ভোর আসবে।

গাছের পাতা যখন ঝরে পড়ে শীতের শেষে,
মনে হয় গাছটি বুঝি মরে গেল।
কিন্তু মাটির গভীরে তখনও নিঃশব্দে প্রস্তুতি চলে
নতুন পাতা জন্মানোর, সবুজ জীবনের।

মানুষের জীবনও তেমন
কিছু বিদায় আসে আমাদের ভেঙে দিতে নয়
বরং নতুন করে গড়ে তুলতে।
কিছু হারিয়ে যাওয়া মানেই শূন্যতায় প্রাপ্তিযোগ থাকে

যে প্রেম চলে গেছে, হয়তো সে শুধু শিখিয়ে গেছে
কীভাবে আরও গভীরভাবে ভালোবাসতে হয়।
যে স্বপ্ন ভেঙেছে, হয়তো সে-ই শিখিয়েছে নিজেকে নতুন করে চিনতে।

আমরা অনেক সময় শেষকে ভয় পাই কারণ শেষ মানেই অজানা
কিন্তু সব জন্মই তো একদিন নীরবে আসে।

তাই আজ যদি সবকিছু থেমে যায়
সব আলো নিভে গেছে বলে মনে হয়,
তবুও বিশ্বাস রেখো -- সমাপ্তি বলে কিছু নেই পৃথিবীতে।
প্রতিটি শেষের ভেতর লুকিয়ে থাকে একটি নতুন অধ্যায়।