২৭ মে ঈদুল আজহা,প্রথম ঘোষণা দিল তিউনিসিয়া-তুরস্ক

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-১৭ ০৯:২৬:৩৭
image

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্বের দুটি মুসলিম দেশ। তিউনিসিয়া ও তুরস্ক জানিয়েছে, আগামী ২৭ মে বুধবার দেশ দুটিতে উদযাপিত হবে ঈদুল আজহা।
রোববার (১৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়া ও তুরস্ক উভয় দেশই নিশ্চিত করেছে যে আগামী সোমবার (১৮ মে) থেকে শুরু হবে পবিত্র জিলহজ মাস।
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা। সেই হিসাব অনুযায়ী, ২৭ মে দেশ দুটিতে পালিত হবে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব।
এর মধ্যে তিউনিসিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। অন্যদিকে তুরস্ক চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ইসলামিক মাস নির্ধারণ করে থাকে। সেই পদ্ধতি অনুসরণ করেই দেশটি ১৮ মে জিলহজের প্রথম দিন ঘোষণা করেছে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ভর করছে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, রোববার সন্ধ্যায় ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ উপলক্ষে আকাশে জিলহজের চাঁদ অনুসন্ধান করা হবে।
চাঁদ দেখা গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে। মুসলিম বিশ্ব এখন সেই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।

কিওয়ার্ড: ঈদুল আজহা,জিলহজ মাস,তিউনিসিয়া তুরস্ক