ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে চাকা পরিবর্তনের সময় অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন এক ট্রাকচালক ও তার ছেলে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত হয়েছেন যশোরের রূপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) ও ইয়াকুব আলী (২৬)।
শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গামুখী লেনে চলার সময় একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। পরে সড়কের পাশে দাঁড়িয়ে ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত যান তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। রাতের অন্ধকারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মরদেহ দেখে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে থানায় নেওয়া হয়।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে যান চলাচল ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বিকল গাড়ির পাশে সতর্কতামূলক ব্যবস্থা না থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়।
এক্সপ্রেসওয়ে,দুর্ঘটনা,বাবা-ছেলে