ড্রোন সংকটে টালমাটাল লাটভিয়া,প্রধানমন্ত্রীর পদত্যাগে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-১৫ ১০:২১:১০
image

ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ার আকাশসীমায় প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সিলিনা জানান, রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কয়েকটি ড্রোন পথভ্রষ্ট হয়ে লাটভিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছিল। এই ঘটনায় সরকারের প্রতিক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে জোট সরকারের ভেতরে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়।
পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমি সরে দাঁড়াচ্ছি, কিন্তু লড়াই ছেড়ে দিচ্ছি না।”
ঘটনার জেরে গত রোববার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রুডস–কে বরখাস্ত করেন সিলিনা। অভিযোগ ছিল, ৭ মে সংঘটিত ড্রোন অনুপ্রবেশ ঠেকাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয়নি।
এরপরই বামঘেঁষা প্রগ্রেসিভস পার্টি জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় সরকার এবং রাজনৈতিক সংকট আরও গভীর হয়।
লাটভিয়ার সংবিধান অনুযায়ী, এখন নতুন সরকারপ্রধান নির্বাচনের দায়িত্ব পড়েছে দেশটির প্রেসিডেন্ট এডগারস রিনকেভিচস–এর ওপর। জানা গেছে, তিনি শুক্রবার বিভিন্ন সংসদীয় দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতিতেও অস্থিরতা তৈরি করছে। লাটভিয়ার এই সংকট তারই নতুন উদাহরণ।
আগামী অক্টোবরে দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং জোট সরকারের ভাঙন লাটভিয়ার রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে।

লাটভিয়া, ড্রোন, পদত্যাগ