দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এনেছে সরকার। একদিনেই ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান উপাচার্যদের অব্যাহতি দিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, আর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ পদটি আগে থেকেই শূন্য ছিল।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক ১১টি প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগের ঘোষণা দেয়।
নতুন উপাচার্য পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এছাড়া নতুন নেতৃত্ব পেয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আনিসুর রহমান।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছেন ড. মো. মামুন অর রশিদ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
একইসঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেওয়া হয়েছে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। আর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত উপাচার্যরা যোগদানের দিন থেকে চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
এছাড়া রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।
উপাচার্য, বিশ্ববিদ্যালয়, নিয়োগ