যানজটমুক্ত ঢাকার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নতুন বৈঠক,গুরুত্ব পেল আধুনিক ট্রাফিক ব্যবস্থা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-১৪ ২০:৩৭:২০
image

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজধানীর সড়ক ব্যবস্থাপনা, যান চলাচলের শৃঙ্খলা এবং নগর পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শেখ রবিউল আলম, হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যানজট কমাতে সড়ক, রেল ও নৌপথভিত্তিক সমন্বিত পরিবহন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনার বিষয়েও আলোচনা হয়েছে।
এটি ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক। সরকারের পক্ষ থেকে রাজধানীবাসীকে আরও স্বস্তিদায়ক যাতায়াত ব্যবস্থা দিতে ধারাবাহিক উদ্যোগ নেওয়ার ইঙ্গিত মিলেছে।

যানজট, ট্রাফিক, ঢাকা