স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রাথমিকভাবে ১০০ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ তালিকায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পেয়েছেন এস. এম. আসাদুল্লাহ (শিশির আসাদ)।
গত রবিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ করা হয়।
১৯৯৮ সালের ১৫ আগস্ট জন্ম নেওয়া শিশির আসাদ এনসিপি কর্তৃক মনোনীত ১০০ জন প্রার্থীর মধ্যে সর্বকনিষ্ঠ। জন্মতারিখ অনুযায়ী বর্তমানে তার বয়স ২৭ বছর ৮ মাস ২৮ দিন। কেন্দ্রীয় কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এনসিপি মনোনীত প্রার্থীদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ প্রার্থী।
শিশির আসাদ পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের তাসেরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মাওলানা নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি এনসিপির বোদা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এবং পঞ্চগড় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি অধ্যয়নরত রয়েছেন।
ছাত্রজীবন থেকেই শিশির আসাদ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে দলের অবস্থান সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছেন।
শিশির আসাদ বলেন, “দল আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ায় আমি কৃতজ্ঞ। বোদা উপজেলার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা পরিষদ গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে উপজেলার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “বোদা উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও উন্নয়নবান্ধব উপজেলায় রূপান্তর করতে চাই। এ লক্ষ্য পূরণে সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”