সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
“পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার” দাবিতে টাঙ্গাইলের সখিপুর উপজেলায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে সখিপুর বাজারের গোলচত্বরে ফারিয়া (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন) সখিপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সখিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মোহাম্মদ সবুর রেজা, ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সখিপুর শাখার সভাপতি হুমায়ুন কবির, ফারিয়ার সখিপুর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। এছাড়াও ফারিয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কর্মক্ষেত্রে নানা ধরনের ঝুঁকি, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তারা বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।”
এ সময় বক্তারা পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং অযৌক্তিক হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।