কা ক লী ভ ট্টা চা র্য্য

  • মায়ের কথা
  • ২০২৬-০৫-১০ ১৩:০৮:১০
image

মায়ের কথা বললে কি আর
মুড়োয় নটে গাছ!
সকাল থেকে রাত অবধি
মায়ের কত কাজ!

পরিশ্রমেও হয় না ব্যাজার
মায়ের হাসিমুখ,
মায়ের কোলে লুকিয়ে আছে
ব্রহ্মাণ্ডের সুখ।

সংসারকে আগলে রাখার
দায় যেন সব তার,
হুকুম তামিল করলেও তার
মুখ হয় না ভার।

স্নেহের আঁচল বুলিয়ে দিয়ে 
দুঃখ করেন দূর,
মায়ের ঘ্রাণ শিশুর নিকট
অতীব মধুর।

বড় প্রিয় মায়ের মুখের
 ঘুম পাড়ানি গান, 
অপত্যের সাথে নাড়ীর
অবিচ্ছেদ্য টান।

মায়ের শিক্ষা-সংস্কারই
গড়ে রুচিবোধ,
মাতৃঋণ কোনও ভাবেই
হয় না পরিশোধ।

মায়ের প্রতি থাকে যেন
সর্বদা সম্ভ্রম,
আত্মসুখের জন্য সাকিন
হয় না বৃদ্ধাশ্রম।