দেশের চিকিৎসাব্যবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যখাতে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)y। দলটির সভাপতি সভাপতি এম এ আলীম সরকার বলেছেন, স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা ও জবাবদিহিতার সংকট দেশের সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে।
এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংকট, চিকিৎসক ঘাটতি ও জরুরি সরঞ্জামের অভাবে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। বিশেষ করে শিশুদের টিকাসেবা, পুষ্টি সহায়তা ও জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় গ্রামাঞ্চলে শিশুমৃত্যুর ঝুঁকি বেড়েছে বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে গত কয়েক মাস ধরে প্রয়োজনীয় ওষুধ সরবরাহে ঘাটতি রয়েছে। জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সংকটের কথাও উল্লেখ করা হয়। একই সঙ্গে বাজারে নকল ও নিম্নমানের ওষুধ ছড়িয়ে পড়ার অভিযোগ তুলে স্বাস্থ্যখাতে কার্যকর নজরদারির দাবি জানানো হয়।
দলটির পক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্যখাতে বরাদ্দ থাকা সত্ত্বেও তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না এবং দুর্নীতির অভিযোগ তদন্তে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।
এম এ আলীম সরকার অবিলম্বে স্বাস্থ্যখাতকে জরুরি অবস্থা ঘোষণা করে শিশুস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত,হাসপাতালগুলোতে জনবল ও সরঞ্জাম বৃদ্ধি, ওষুধ সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে বিশেষ বাজেট বরাদ্দের আহ্বান জানান।
তিনি বলেন, চিকিৎসাসেবা জনগণের মৌলিক অধিকার এবং বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে তা জাতীয় সংকটে রূপ নিতে পারে।