পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু,বিজেপির আনুষ্ঠানিক ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-০৮ ২৩:২৭:৩২
image

শুভেন্দু অধিকারীর ওপরই আস্থা রাখল বিজেপি। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করেছে বিজেপি পরিষদীয় দল।

শুক্রবার রাজ্য বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অমিত শাহ জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য মোট আটটি প্রস্তাব জমা পড়েছিল এবং প্রতিটি প্রস্তাবেই শুভেন্দু অধিকারীর নাম ছিল। অন্য কোনো নাম না আসায় সর্বসম্মতিক্রমে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং বিকল্প প্রস্তাব দেওয়ার জন্য পর্যাপ্ত সময় রাখা হয়েছিল। কিন্তু দ্বিতীয় কোনো নাম না আসায় শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী জোড়া জয় তুলে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন শক্তির বার্তা দিয়েছেন। ভবানীপুর আসনে তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন। পাশাপাশি নিজের পুরোনো আসন নন্দীগ্রামেও বড় ব্যবধানে জয় পান।
এর আগে ২০২১ সালের নির্বাচনেও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু। তবে এবার ভবানীপুরে জয়কে তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীর এই উত্থান পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বিজেপির ঐতিহাসিক জয়ের পর এখন সবার নজর তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা ও প্রশাসনিক রদবদলের দিকে।

কী-ওয়ার্ড: শুভেন্দু অধিকারী,পশ্চিমবঙ্গ বিজেপি,মুখ্যমন্ত্রী নির্বাচন