সালথা উপজেলার বড় খারদিয়া গ্রামে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মো. আজাদ শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আজাদ শেখের সঙ্গে ওই নারীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে আজাদ শেখ ওই নারীর ঘরে প্রবেশ করলে বিষয়টি টের পেয়ে এলাকাবাসী বাড়িটি ঘিরে ফেলে। পরে তল্লাশির সময় ঘরের একটি আলমারির ভেতর থেকে তাকে আটক করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ,পরে স্থানীয় প্রভাবশালী একটি মহল অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেয়। তবে সংশ্লিষ্ট ইউপি সদস্য এ অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এ বিষয়ে বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা খান লিমা জানান, ঘটনার পর আজাদের পরিবার থেকে ছুটির আবেদন করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তামেম উদ্দিন বলেন, অফিস খোলার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কী-ওয়ার্ড: সালথা ঘটনা,ভাইরাল ভিডিও,দপ্তরি আটক