রাষ্ট্র ! তুমি চোখ তুলে তাকাও -
দেখো তোমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা কেমন আছে !
অশ্রু আর ঘামে ভেজা তাদের যাপিত জীবন
তাদেরই রক্তের দামে কেনা সামগ্রিক উন্নয়ন
তবু কেন তারা বঞ্চিত, উপেক্ষিত ?
রাষ্ট্র ! তুমি জেগে ওঠো, চোখ মেলে চাও
কারখানার ভেতরে জ্বলে আগুন,
আর মজুরের পেটে জ্বলে ক্ষুধার দহন।
যে কৃষক মাঠে ফসল ফলায়
তার ঘরে কেন অহর্নিশ অন্নের হাহাকার ?
স্লোগান উঠুক আজ - শ্রমের ন্যায্য মজুরি চাই
-- অধিকার ছাড়া উন্নয়ন নয়
-- শোষণের শৃঙ্খল ভেঙে দাও
রাষ্ট্র ! তুমি কি শুনতে পাও রাজপথে নিরন্ন মানুষের পদধ্বনি ?
এ শুধু পদধ্বনি নয়, প্রতিবাদের জ্বলন্ত আগুন
বেঁচে থাকার অধিকারে সোচ্চার স্লোগান।
মে দিবসে হাত মুষ্টিবদ্ধ করে বলি একসাথে -
-- শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে
-- মেহনতের ঘামে গড়া এই দেশ আমাদের।
রাষ্ট্র ! তুমি চোখ তুলে তাকাও
বঞ্চিত মানুষের চিৎকার শোন
কারণ তাদের হাতেই তোমার ভবিষ্যৎ,
তাদের ঘাম আর রক্তের বিনিময়ে ওড়ে তোমার বিজয় পতাকা।