ইরানের শান্তি প্রস্তাব নিয়ে ট্রাম্পের সংশয়,উত্তেজনা কমার আশা ক্ষীণ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-০৩ ২৩:২৫:২৬
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,ইরানের পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবটি শিগগিরই পর্যালোচনা করা হবে, তবে সেটি গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি স্পষ্ট সংশয় প্রকাশ করেছেন।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের পরিকল্পনাটি তিনি পর্যবেক্ষণ করবেন, কিন্তু দীর্ঘ সময় ধরে দেশটির কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এটি গ্রহণ করা কঠিন হতে পারে।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থানকালে ট্রাম্প মন্তব্য করেন, গত কয়েক দশকে ইরানের কর্মকাণ্ড বিশ্ব পরিস্থিতিকে জটিল করেছে এবং সেই প্রেক্ষাপটে তাদের নতুন প্রস্তাব যথেষ্ট গ্রহণযোগ্যতা পাবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।
ইরানের পক্ষ থেকে প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ না হলেও, বিশ্লেষকদের মতে এই মন্তব্য দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে। এর আগে শুক্রবারও ইরানের একটি প্রস্তাব সরাসরি নাকচ করেছিলেন ট্রাম্প, যেখানে তিনি তেহরানের প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় ১৪ দফার একটি প্রস্তাব ওয়াশিংটনে পাঠানো হয়। কূটনৈতিক মহলের ধারণা, ট্রাম্পের এই কঠোর অবস্থান ইরানের ওপর বাড়তি চাপ সৃষ্টির কৌশলের অংশ হতে পারে।
এর আগে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে টানা সংঘাত চলে প্রায় ৪০ দিন। পরে পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি। বর্তমানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও ইরানের ওপর নৌবন্দর অবরোধ অব্যাহত রয়েছে।
পরিস্থিতি এখনো অনিশ্চিত থাকায় আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ।

কী-ওয়ার্ড: ইরান শান্তি প্রস্তাব,ট্রাম্প প্রতিক্রিয়া,মধ্যপ্রাচ্য উত্তেজনা