স ঙ্গী তা ক র

  • মনের বয়স
  • ২০২৬-০৫-০২ ২২:২৮:০২
image

কমছে সময় কমছে আয়ু
বাড়ছে শুধু আশা 
কমছে তাপ কমছে শ্বাস
তবু বাড়ছে প্রত্যাশা। 

দিন ফুরিয়ে এখন খানিক 
হিসেব কষতে এসে
দেখি মন চাইছে যেতে 
স্মৃতির ভেলায় ভেসে। 

মায়ের হাতের ভাত মাখা 
পেলে আবার ফিরে 
থেকে যাব অনন্ত কাল 
এক পৃথিবী ঘিরে। 

পাই যদি বাবার ডাক
খুশির স্রোতে মেতে 
যমরাজকে ফিরিয়ে দেব 
রাখলে হাত পেতে।

পাই যদি ফের ছেলেবেলা 
স্কুল পালানো দিন 
সাদা চুলে বসিয়ে যৌবন 
নাচবো তা ধিন ধিন।

খেলবো মাঠে সবার সাথে 
ছুটবো এদিক ওদিক
নদী, পাহাড় দেখবো আবার 
দেখবো দিগ্বিদিক।

ভাবনা ভেঙে দেখি শেষে 
বাড়ছে বয়স কই 
মন এখনো সবুজ চারা 
নতুন খোলা বই।