বন্ধ হয়ে থাকা সব কলকারখানা পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শ্রমিকরা ভালো থাকলে দেশও ভালো থাকবে। তাই শিল্প খাত সচল রাখতে সরকার বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর পরিকল্পনা হাতে নিয়েছে।
শ্রমিকদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি নিজেকেও একজন শ্রমিক হিসেবে যুক্ত করতে চান উল্লেখ করে বলেন, মন্ত্রিপরিষদের সদস্যদেরও শ্রমিক হিসেবে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সবাই মিলেই দেশ গড়ার কাজে অংশ নিতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে পানি সংকট নিরসনে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। কৃষক ও শ্রমিকের জীবনমান উন্নত করা গেলে দেশের সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
ক্রীড়া উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, নতুন প্রজন্ম থেকে দক্ষ খেলোয়াড় তৈরি করতে সরকার পরিকল্পনা নিয়েছে। কৃষক, শ্রমিক ও সাধারণ পরিবারের মেধাবী সন্তানদের খুঁজে বের করে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে প্রতিভা বিকাশের পথ দেখিয়েছিলেন, তার ধারাবাহিকতায় নতুন উদ্যোগ শুরু করা হচ্ছে। আগামীকাল থেকেই এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হবে বলেও জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কী-ওয়ার্ডস:কারখানা চালু,শ্রমিক কল্যাণ,নতুন কুঁড়ি