আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুনর্গঠন, জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণ এবং সংশোধিত শ্রম আইন ২০২৬ বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তুলে ধরেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোসাম্মৎ সুলতানা বেগম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী কমিটির সভাপতি রোজিনা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসাইনসহ অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ জরুরি। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা, মাতৃত্বকালীন ছুটি, কর্মক্ষেত্রে হয়রানি প্রতিরোধ এবং ট্রেড ইউনিয়নের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সংশোধিত শ্রম আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে।
সমাবেশ থেকে শ্রমিক নেতারা বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে মজুরি বোর্ড পুনর্গঠন, আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা, কারখানায় শিশু যত্নকেন্দ্র স্থাপন, জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন, শ্রমিক ছাঁটাই বন্ধ, বন্ধ কারখানা চালু এবং পেনশন ও গ্র্যাচুইটি চালুর মতো বিষয়গুলো।
সমাবেশ শেষে লাল পতাকা নিয়ে একটি র্যালি হাইকোর্ট মোড়, তোপখানা রোড ও পল্টন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
শ্রমিক নেতারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কী-ওয়ার্ডস:শ্রমিক সমাবেশ,মজুরি দাবি,শ্রম আইন