জাল সনদে চাকরি: আরও ২৬২ শিক্ষক-কর্মচারী শনাক্ত,ফেরত আসতে পারে ৫০ কোটি টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৪-২৮ ১২:৪০:১৪
image

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আরও ২৬২ জন জাল সনদধারী শিক্ষক-কর্মচারীকে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এর ফলে এখন পর্যন্ত জাল সনদে চাকরি করা মোট শিক্ষক-কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৯ জনে। শিক্ষা খাতে স্বচ্ছতা ফেরাতে সরকারের চলমান অভিযানে এটি বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। 
সোমবার সংশ্লিষ্ট তালিকা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ-এর সচিব বরাবর পাঠানো হয়েছে। তালিকাভুক্তদের বিরুদ্ধে এমপিও সুবিধা বন্ধ, মামলা দায়ের, এবং বেতন-ভাতা হিসেবে নেওয়া অর্থ ফেরতসহ কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ খাতে সরকারের প্রায় ৫০ কোটি টাকা পাওনা রয়েছে।
তালিকায় থাকা ২৬২ জনের মধ্যে ২৫১ জন এনটিআরসিএ-এর সনদ জাল করে চাকরি করেছেন বা করছেন। বাকি ১১ জনের ক্ষেত্রে বিএড, বিপিএড, গ্রন্থাগার ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ জাল হিসেবে চিহ্নিত হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের হিসাব অনুযায়ী,এনটিআরসিএ সনদ জালকারীদের কাছ থেকে ৪৮ কোটির বেশি এবং অন্যান্যদের কাছ থেকে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা আদায় করা সম্ভব হতে পারে।
এর আগে স্কুল ও কলেজ পর্যায়ে ৪৭১ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে শিক্ষা মন্ত্রণালয় সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে, যা ৬৪ জেলায় ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে।
ডিআইএর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত পরিদর্শন ও নিরীক্ষার অংশ হিসেবেই এসব অনিয়ম ধরা পড়েছে। শিগগিরই সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা পাঠানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

কী-ওয়ার্ডঃজাল সনদ শিক্ষক,এমপিও অনিয়ম,শিক্ষা দুর্নীতি