বড্ড বোকা-সুখটা আমার
নদীর মতো চলতে চায়
খড়কুটো সব দুঃখগুলো
ভাসতে থাকে নির্দ্বিধায়।
তাই বলেকি সুখ থেমে যায়
সে অনন্ত অনির্বাণ!
তবুও কেন বিচলিত মন
অল্প দুখেই খান-খান?
ভীষণ আদুরে সুখটা আমার
মেঘের মতোই জল ভরা,
দুঃখ এলেই ভাসিয়ে দেয়
প্রলয় ঝড়ে মন পাড়া।
সুখটা আমার মধ্যবিত্ত
সব কাজেতে ডরায় সে
পৌঁছে গিয়েও দোটানাতে
শঙ্কা, দ্বিধায় জড়ায় সে।
কত বোঝাই ভীষণ অবুঝ
সোহাগী কিছুই বোঝে না
দুঃখের দিকেই তাকিয়ে থাকে
অন্য কিছু খোঁজে না।
দুঃখের সাথে কতই না প্রেম
আবেগী আমার সুখরানী
দুঃখ ছাড়া একঘেয়ে সুখ
দুঃখ এলেই সাবধানী।