স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার ঘোষণা,বহুমুখী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন তারেক রহমান

  • যশোর প্রতিনিধি
  • ২০২৬-০৪-২৭ ২২:৫৮:৫১
image

মেয়েদের শিক্ষাকে আরও বিস্তৃত ও সহজলভ্য করতে স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, অতীতে খালেদা জিয়া মেয়েদের শিক্ষাব্যবস্থা ধাপে ধাপে বিনামূল্যে করে শিক্ষার সুযোগ বাড়িয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার উচ্চশিক্ষা পর্যন্ত মেয়েদের জন্য ফ্রি শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
কৃষি খাতে সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যার সুবিধা পাচ্ছেন প্রায় ১২ লাখ কৃষক। একই সঙ্গে কৃষকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
ধর্মীয় ব্যক্তিদের কল্যাণে উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরে তিনি বলেন, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সম্মানজনক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।
বেকারত্ব নিরসনে বন্ধ কল-কারখানা পুনরায় চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে এসব শিল্পপ্রতিষ্ঠান চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিদেশে জনশক্তি রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
এছাড়া, আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এতে কৃষিতে সেচ সুবিধা বাড়বে, মাছ চাষ ও বৃক্ষরোপণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
ক্রীড়া উন্নয়নেও বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, সারাদেশে নতুন ও পেশাদার খেলোয়াড় তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং ৫০০ খেলোয়াড়কে সরকারিভাবে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কী-ওয়ার্ডস:মেয়েদের শিক্ষা,তারেক রহমান,উন্নয়ন পরিকল্পনা