বটিয়াঘাটায় লোকজ’র উদ্যোগে ব্যতিক্রমধর্মী কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • পলাশ দাশ
  • ২০২৬-০৪-২৭ ২০:৫৪:৫৩
image

খুলনার বটিয়াঘাটায় এলাকা উপযোগী বোরো ধানের জাত নির্বাচন ও পারফরম্যান্স ট্রায়াল পর্যবেক্ষণের লক্ষ্যে আয়োজন করা হলো এক ব্যতিক্রমধর্মী কৃষক মাঠ দিবস। আজ ২৭ এপ্রিল ২০২৬ মিজরিও-জার্মানীর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লোকজ’ এবং বৃত্তিশলুয়া কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২৫টি হাইব্রিড, উফসী ও স্থানীয় ধানের জাত নিয়ে স্থাপিত গবেষণা প্লটে কৃষকরা সরাসরি অংশগ্রহণের মাধ্যমে পর্যবেক্ষণ ও মূল্যায়ণ করেন। অংশগ্রহণমূলক র‌্যাংকিং পদ্ধতিতে ধানের বিভিন্ন বৈশিষ্ট্য-যেমন ফলন, রোগ সহনশীলতা, পরিবেশ উপযোগিতা এবং উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে কৃষকরা নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে মতামত প্রদান করে জাত নির্বাচন করেন।
মাঠ দিবসের আলোচনা সভায় কৃষকরা বলেন, টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে কোম্পানিনির্ভরতা কমিয়ে নিজস্ব বীজ ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। তারা স্থানীয়ভাবে বীজ সংরক্ষণ ও বীজ ভান্ডার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
জাত নির্বাচন প্রক্রিয়া শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন লোকজ’র সমন্বয়কারী পলাশ দাশ, উপসহকারী কৃষি কর্মকর্তা বিষাদ সিন্দু ম-ল, রাজীব বিশ্বাস, মৈত্রী কৃষক ফেডারেশনের তিমিরবরণ সরকার, বাসুদেব মণ্ডল, শ্যামল সরকার, বৃত্তিশলুয়া কৃষক সংগঠনের সুজন মণ্ডল, গোলক মণ্লড, মো. বাবুল ফারাজী, অপূর্ব মণ্ডল অপু, নারী কৃষক ফরিদা পারভীন, লোকজ’র কর্মসূচি কর্মকর্তা মিলন কান্মতি মণ্ডল এবং দীপংকর কবিরাজসহ অন্যান্যরা।
অংশগ্রহণকারীরা পার্টিসিপাটরি ভেরাইটি সিলেকশান (পিভিএস) প্লট পরিদর্শনের মাধ্যমে ২৫টি ধানের জাতের মধ্যে থেকে বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন ৯টি এলাকা উপযোগী বোরো ধানের জাত নির্বাচন করেন। পাশাপাশি ণতুন ধানের জাত উদ্ভাবনে এফ-৩/৪ পর্যায়ে উত্তীর্ণ হওয়ার স্বীকৃতি হিসেবে ৫ জন ব্রিডার কৃষককে সম্মাননা প্রদান করা হয়।
এই উদ্যোগ স্থানীয় কৃষকদের জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।