গোমস্তাপুরে ফিলিং ষ্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে লাঠিপেটা,আটক ৩

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-২৭ ১৩:০১:১৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুন পৌর  খয়রাবাদ এলাকার  ‘মেসার্স রায়হান ফিলিং ষ্টেশন’-এ পুলিশের গাড়ির জন্য স্লিপ জমা দিয়ে তেল ও মবিল নিতে গিয়ে জেলার নাচোল থানার কনষ্টেবল(ড্রাইভার) শওকত হোসেন(৩০) দু’দফা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাম্প মালিক, গোমস্তাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা  আশরাফ হোসেন আলিমের  ছেলে আবদুল্লাহ আল রায়হান(৩৫) প্রথমে নিজেই একদফা ও পরে পাম্পের কর্মচারীদের  সাথে নিয়ে আরেক দফা  লাঠি দিয়ে শওকতকে  পিটিয়ে আহত করেন।
পুলিশ জানায়,রোববার(২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনার পর  অন্য পুলিশ সদস্যরা শওকতকে আহতাবস্থায়  উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর পুলিশ ৩ পাম্প কর্মচারীকে আটক করেছে। তবে ঘটনার পর জনভোগান্তি এড়াতে পুলিশের তরফে পাম্পটি চালু রাখতে বলা হলেও পাম্পটি বন্ধ  করে দিয়েছে মালিকপক্ষ।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন, কনস্টেবল শওকত পুলিশের গাড়ির জন্য তেল ও মবিল আনতে  পাম্পে ঢুকে পুলিশের ইস্যূকৃত স্লিপ  ম্যানেজারের নিকট জমা  দিয়ে অপেক্ষার সময় রায়হান তাঁকে বেরিয়ে যেতে বলেন। এ সময় শওকত তাঁর পরিচয় দিয়ে তেল-মবিল নিয়েই বেরিয়ে যাবেন জানালে রায়হান তাঁকে সজোরে চড় মারেন। এ সময় গাল ছড়ে গিয়ে আহত হন শওকত।  এরপর আবারও তিনি পরিচয় দিলে আবারও রায়হান লাঠি  ও কর্মচারীদের সাথে নিয়ে শওকতকে মারধর করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ  অভিযোগ করেন, বারবার পরিচয় দেয়ার পরও রায়হান কনেষ্টবল শওকতকে দু’দফা মারধর করেন। জেলা পুলিশ থেকে ওই পাম্পটি গোমস্তাপুর,নাচোল ও জেলার ভোলাহাট  এই তিন থানার পুলিশের গাড়ির জ¦ালানির জন্য নির্ধারণ করে দিয়েছে। ওই পাম্পে স্লিপ জমা দিয়ে ৩টি থানার পুলিশকে জ¦ালানি নিতে হয়। কিন্তু পাম্প ষ্টাফদের বিরুদ্ধে পূর্বেও  একাধিকবার অসদাচরনের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে গোমস্তাপুরর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সি বলেন, পুলিশের উধতর্ণ কর্তৃপক্ষ বিষয়টি তাঁকে অবগত করেছেন।
এদিকে এ ব্যাপারে পাম্প মালিক আশরাফ হোসেন আলিমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।