রোদ যেন আজ অগ্নি-চিঠি
পোড়া মাটির বুকে লেখা,
জ্বলছে এ দেশ নীরবে তাই
ঘামে ভেজা কষ্ট-রেখা।
গাছের ছায়া ক্লান্ত হয়ে
চুপিচুপি দাঁড়িয়ে রয়,
হাওয়া যেন থমকে গেছে
দুঃখ এসে কী কথা কয় !
বৃদ্ধ মানুষ রিকশা রেখে
বসলো মাথা নত করে,
তার শরীরের ভাঁজে ভাঁজে
জীবনের সব গল্প ঝরে।
সূর্য তাকে চেনে নাতো
জানে না তার কী যেন নাম !
প্রত্যহ সে রোদে পোড়ে
শান্তি শয়ন হয় যে হারাম।
ঘাম ঝরে তার কপাল থেকে
ক্লান্তিতে হয় দিন অবসান,
কেউ দেখে না চোখের ভেতর
কোন পাখি আজ গাইছে যে গান।
রোদ ফিরে যাক হাওয়া আসুক
শান্তি-পরশ লাগুক প্রাণে,
বৃদ্ধ লোকের নত মাথা
উন্নীত হোক সসম্মানে।