কুয়েটে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ পালিত

  • শাহেদুজ্জামান শেখ
  • ২০২৬-০৪-২৬ ২০:০২:১৪
image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল-“মেধাস্বত্ব ও ক্রীড়া: প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো” (IP and Sports: Ready, Set, Innovate)।
দিবসটি উপলক্ষে কুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। র‍্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
র‍্যালির উদ্বোধনকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “মেধাস্বত্ব সুরক্ষা উদ্ভাবন ও সৃজনশীল কার্যক্রমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন ধারণা ও প্রযুক্তিকে সুরক্ষার আওতায় আনলে উদ্ভাবকদের মধ্যে আস্থা বৃদ্ধি পায় এবং গবেষণাভিত্তিক উদ্যোগ আরও সম্প্রসারিত হয়।”
তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে ক্রীড়া খাতেও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের গুরুত্ব ক্রমবর্ধমান। ক্রীড়াবিজ্ঞান, তথ্য বিশ্লেষণ, সরঞ্জাম উন্নয়ন এবং সম্প্রচার ব্যবস্থায় মেধাস্বত্বের যথাযথ প্রয়োগ এ খাতকে আরও গতিশীল করে তুলছে। দেশের তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে মেধাস্বত্বভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুয়েটের আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. রিজভী কায়সার। তিনি বলেন, “মেধাস্বত্ব সুরক্ষা উদ্ভাবন ও সৃজনশীলতাকে এগিয়ে নেয় এবং নতুন ধারণা ও প্রযুক্তির বিকাশে আস্থা সৃষ্টি করে। একই সঙ্গে ক্রীড়া খাতে প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও উদ্ভাবনের প্রসারে এর ভূমিকা দিন দিন বাড়ছে, যা তরুণদের সক্ষমতা কাজে লাগিয়ে অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে।”