এ স এ ম আ জা দ হো সে ন

  • নিঃশব্দ এক প্রতীক্ষা
  • ২০২৬-০৪-২৬ ১২:৪১:৩৬
image

ঘড়ির কাঁটা থামে না-
তবুও সময় যেন কোথাও আটকে থাকে,
তোমার না-ফেরার অজুহাতে।

জানালার ধারে বসে থাকি,
শহরের শব্দগুলো ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায়,
কেবল বুকের ভেতর একটানা ধুপধুপ-
অপেক্ষার নিজের একটা ভাষা আছে বুঝি।

মেসেঞ্জারের নীল আলোটা জ্বলে না বহুদিন,
তবুও আমি প্রতিরাতে অনলাইনে থাকি-
যেন তুমি হঠাৎ এসে বলবে,
'এতদিন পরও কি আছো?'

চায়ের কাপ ঠান্ডা হয়ে যায়,
কথাগুলো গরম থাকে-
অকথিত, অপ্রেরিত,
ড্রাফটে জমে থাকা কিছু অসমাপ্ত অনুভূতি।

তুমি জানো না,
অপেক্ষা কখনো শব্দ করে না-
সে শুধু নিঃশব্দে মানুষকে বদলে দেয়,
ধীরে ধীরে,গভীরভাবে।

আর আমি-
একটা অদৃশ্য দরজার সামনে দাঁড়িয়ে আছি,
যেখানে তুমি আর আসো না,
তবুও আমি খুলে রাখি…
যদি কখনো ভুল করে ফিরে আসো।