হারিকেন ‘ড্যানিয়েল’ এর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে লিবিয়ার পূর্বাঞ্চল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-১২ ১৭:১৭:০৫
image

হারিকেন ‘ড্যানিয়েল’ এর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে লিবিয়ার পূর্বাঞ্চল। ঝড় ও এর প্রভাবে সৃষ্ট বন্যা-ভূমিধসে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, সরকারি হিসেবে এ পর্যন্ত ১ হাজার জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। এছাড়া, নিখোঁজ রয়েছে ১০ হাজার মানুষ। প্রাণহানির ঘটনায় দেশটিতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। 
প্রলয়ঙ্করী ঝড় ড্যানিয়েলের আঘাতে লন্ডভন্ড লিবিয়া। স্থানীয় সময় রোববার দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানে এই ঘূর্ণিঝড়। এর ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যার। ঝড় ও বন্যার কারণে সময়ের সাথে সাথে বাড়ছে হতাহতের সংখ্যা। উপকূলীয় অঞ্চলের অধিকাংশ শহরই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় গর্ভনর। অঞ্চলটিকে ‘দূর্যোগকবলিত’ ঘোষণা করা হয়েছে। সবচেয়ে ক্ষতি হয়েছে উপকূলীয় শহর দেরনার। শহররক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ায় এ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বন্যায় তলিয়ে যাওয়া বাড়ির ছাদে আটকা পড়েছে অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। কারফিউ জারির পাশাপাশি বন্ধ রয়েছে স্কুল ও দোকানপাট। সব্বোর্চ জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ভয়াবহতায় দেশটিতে পালিত হচ্ছে তিন দিনের শোক। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। 
রেড ক্রিসেন্ট জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ৮৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ হাজার মানুষ। তবে সরকারি হিসেবে এখন পর্যন্ত ১ হাজার মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক মালিক ত্রাইনা বর্তমানে দেরনায় অবস্থান করছেন। বেনগাজি প্রশাসনের বরাত দিয়ে তিনি জানান, নিহতের সংখ্যা সর্বনিম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজারে উন্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, বন্যা-জলোচ্ছ্বাসে শহরের সব রাস্তা ও সংযোগকারী সড়কগুলো ভেঙে চুরে গেছে। অনেক জায়গায় সড়ক নেটওয়ার্ক বিচ্ছিন্নও হয়ে গেছে। ওই অঞ্চলে জরুরি খাদ্য সরবরাহ করা হচ্ছে। চিকিৎসা সেবা দিতে চিকিৎসকদের পাঠানো হয়েছে সেখানে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর দেরনায় প্রবেশ করতে এখনও অসুবিধা রয়েছে।